দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য সুখবর। দেশটির সর্বনিম্ন মাসিক মজুরি বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকার বেশি) করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ২০২৭ সালের জুন মাস থেকে এই নতুন মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার পার্লামেন্টে ২০২৭ সালের জাতীয় বাজেট পেশ করার সময় এই ঐতিহাসিক ঘোষণা দেন।
মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত ৪ মিলিয়নেরও (৪০ লাখ) বেশি কর্মী সরাসরি উপকৃত হবেন, যার মধ্যে কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীও রয়েছেন। মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী, স্থানীয় কর্মীদের পাশাপাশি বিদেশি কর্মীরাও সমানভাবে এই বিধিবদ্ধ ন্যূনতম মূল বেতনের অধিকারী হন।
বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, "শ্রমিকদের উৎপাদনশীলতা এবং তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমিয়ে আনতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের আয় সেই অনুপাতে বাড়েনি। আর সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ঘোষণায় বলা হয়েছে, দেশের বৃহৎ ও মাঝারি শিল্পগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক হলেও বার্ষিক বিক্রয় আয় ৫০ মিলিয়ন রিঙ্গিতের নিচে থাকা মাইক্রো ও ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে (MSME) আপাতত এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে, যাতে তারা তাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করার পর্যাপ্ত সময় পায়।
এছাড়াও, আধা-দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা স্নাতকদের জন্য প্রারম্ভিক সর্বনিম্ন বেতন ২,৫০০ রিঙ্গিত করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে (GLC) জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে লিভিং ওয়েজ বেঞ্চমার্ক ৩,৪০০ রিঙ্গিত পর্যন্ত বাড়ানো হবে।
অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ বন্ধ করতে এবার ট্যাক্স বা কর নিয়মেও কড়াকড়ি আরোপ করছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র মাঝারি শিল্প বাদে অন্য সব কোম্পানিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করতে হবে, অন্যথায় তারা ব্যবসায়িক কর ছাড়ের সুবিধা পাবে না।
বিশ্লেষকরা বলছেন, নতুন মজুরি কাঠামো কার্যকরের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের ওভারটাইম (OT) এবং অন্যান্য ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে, যা বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেএম